সারাদেশ

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
news image

শীতের সকালের ঘন কুয়াশায় ওভারটেকিং করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ২০ থেকে ২৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় পতিত দুটি বাস বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

আহতরা হলেন— মজিবুর রহমান (৫০), শামীম মিয়া (৩৭), হানিফ মিয়া (৩০), রিয়াজ উদ্দিন (৫১), হযরত আলী (৫০), সোহেল (৩২), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), আব্দুর রশিদ (৮০) ও কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)। আহতদের মধ্যে হযরত আলীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এম.কে সুপার বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামলছায়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় চায়ের দোকানি মজিবুর রহমান ও কয়েকজন পথচারী জানান, কুয়াশা উপেক্ষা করে বাস দুটি ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহগামী এম.কে সুপার বাসের যাত্রী বেদেনা খাতুন বলেন, “আমি বাসের পেছনের দিকের সিটে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দে জোরে ঝাঁকুনি লাগে। পরে দেখি আমাদের বাসের সঙ্গে আরেকটি বাসের দুর্ঘটনা হয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, তবে অনেক যাত্রী আহত হয়েছেন।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ