আজকের খবর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৩০টি মসজিদের অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ ঈদ উপহার (হাদিয়া) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ যোহর পৌর শহরের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনের হাতে ৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা তুলে দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর এক সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থায়ন করা হয়েছে।
উপহার পেয়ে তারুন্দিয়া ইউনিয়নের মামধীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো. শরিফুল ইসলাম বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের দিকে খুব কম মানুষই দৃষ্টি দেন। জনতার ঈশ্বরগঞ্জ আমাদের সম্মানিত করেছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন, জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা আমজাদ হোসেন সোহেল ও রেজাউল করিম রাজুসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, “ঈদের আনন্দে ইমাম-মুয়াজ্জিনদের মুখে যদি সামান্য হাসি ফুটে, তাতেই আমাদের উদ্যোগ সফল। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই জনতার ঈশ্বরগঞ্জ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সর্বশেষ