সারাদেশ

ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও মালিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

শনিবার (০৭ মার্চ ২০২৬ খ্রি.) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

সভায় আসন্ন ঈদকে কেন্দ্র করে জেলার বাজার, শপিংমল, আর্থিক প্রতিষ্ঠান, সড়কপথে যাত্রী চলাচল এবং পরিবহন খাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঈদের সময় যানজট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের শ্রমিক সংগঠন এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ