ময়মনসিংহ
ময়মনসিংহ-১ (ধোবাউড়া–হালুয়াঘাট) আসনে বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মী ও সমর্থকেরা। দীর্ঘদিন পর ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে ধোবাউড়া সদর এলাকা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচিত হলে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ধোবাউড়াকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ইতোমধ্যে তিনটি মিনি হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। হাসপাতালগুলো নির্মাণের প্রস্তাবিত স্থান হিসেবে ঘোষগাঁও–রায়পুর, পোড়াকান্দুলিয়া–বহরভিটা এবং জিরাখালীর নাম উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, অবহেলিত ধোবাউড়াকে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনস্বার্থে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা, কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
সর্বশেষ