সারাদেশ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে মোহনগঞ্জের দুই নেতা

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ০৩ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২ মে ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র সংসদ এ কমিটি প্রকাশ করে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একযোগে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায়ের পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান নয়ন। একই কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন একই গ্রামের আরেক তরুণ নেতা মো. আশিক হাসান রুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই দুই নেতা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাদের এই পদপ্রাপ্তিকে দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এদিকে, কমিটিতে মোহনগঞ্জের দুই নেতার অন্তর্ভুক্তিতে উপজেলা, পৌরসভা, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ