সারাদেশ

“চিরামের রাস্তাঘাট–স্বাস্থ্যসেবা বদলে দেবো: নির্বাচনী প্রতিশ্রুতি ড. আনোয়ারুল হকের”

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
news image

নেত্রকোনার চিরাম ইউনিয়নের বাদ চিরাম এলাকায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন,“চিরাম ইউনিয়নটি বহুদিন ধরেই অবহেলিত। মানুষের ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি প্রকট। যদি আল্লাহ আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেন, আমি এই ইউনিয়নের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ সার্বিক স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনব।”

তিনি আরও বলেন,“মানুষের সেবা করা আমার অঙ্গীকার। চিরামের প্রতিটি মানুষ যেন চিকিৎসার জন্য দূরে ছুটতে না হয়, সেই ব্যবস্থা গ্রহণই হবে আমার প্রথম কাজ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরাম ইউনিয়নের কৃতি সন্তান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের থাইরয়েড, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এমএ হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজিজুল ইসলাম ফারাশ সুজাত, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশের সার্বিক কল্যাণ, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। শেষে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

সর্বশেষ