সারাদেশ

ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। সোমবার বিকাল ৩টায় পরিচালিত হয় এ অভিযানে ১৭টি ড্রেজার বিকল করা হয়।

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরা।

স্থানীয় এক বাসিন্দা মোবারক হোসেন বলেন, “দিন-রাত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে। প্রশাসনের এ অভিযানকে আমরা স্বাগত জানাই। নিয়মিত অভিযান চললে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে। পথচারী লোকমান গালিব জানান, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীপথে নৌযান চলাচলেও সমস্যা হচ্ছিল। প্রশাসন কঠোর অবস্থানে থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ