সারাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে জমি–সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ভুক্তভোগী পরিবার, বাজারের সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী সোমবার দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে মানববন্ধন করেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) বলেন, “আমার পৈতৃক সম্পত্তি নিয়ে আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে জামাল ভূঁইয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছে। ২০২১ সালে জামাল ভূঁইয়া ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি অন্য প্রকার মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার আবেদন খারিজ করে আমাদের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু এরপরও তিনি আমাদের জমি বেদখলের চেষ্টা অব্যাহত রেখেছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “এতে আরও জড়িত হয়েছেন নান্দাইল উপজেলার আশরাফ উদ্দিন আকন্দ, মতি মিয়াসহ তাদের সহযোগীরা যাদের এই জমির সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিনিয়ত তারা ভয়ভীতি প্রদর্শন করছে এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছে। এ বিষয়ে ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। তারপরও হুমকি থামছে না। আমরা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় রয়েছি।”
মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, প্রতিপক্ষ বারবার জোরপূর্বক জমিতে প্রবেশের চেষ্টা করছে এবং বাধা দিলে ভয়ভীতি ও হামলার হুমকি দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিবারটি মানববন্ধনে বাধ্য হয়েছে। তারা বলেন, “আমরা চাই ভুক্তভোগী পরিবার নিরাপদে বসবাস করুক এবং তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পাক। আইনশৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সেজন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “মানববন্ধনের বিষয়টি তদন্তের জন্য বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ