সারাদেশ

বাউসা বহুমুখী সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৪৫ সদস্যের কার্যনির্বাহী ও ১৭৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৬ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
news image

"মানবতার সেবায়, সমাজ উন্নয়নের প্রত্যয়ে" স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলার বাউসা বাজারকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন বাউসা বহুমুখী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর নতুন কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৭৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর রাজু, সাধারণ সম্পাদক বাবলু মাস্টার এবং অর্থ সম্পাদক সাফায়েত হোসেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মাহমুদুল হাসান রুবেল ও শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম ও রাইছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সানোয়ার খান এবং দপ্তর সম্পাদক হিসেবে আশরাফুল আলম দায়িত্ব পেয়েছেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও সমাজসেবী, শিক্ষানুরাগী ও তরুণ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে সংগঠনের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ১৭৩ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বকুল মিয়া। বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন কাঞ্চন মাস্টার। এছাড়া সাংগঠনিক উপদেষ্টা হিসেবে বাচ্চু মাস্টার, অর্থ বিষয়ক উপদেষ্টা হিসেবে মুকুল মিয়া, আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে মো. রফিকুল খান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দুলাল মিয়া, ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে হাফিজুর রহমান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হিসেবে আবুল মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাউসা বহুমুখী সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। শিক্ষা সহায়তা, দরিদ্র সেবা, মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, শিক্ষার প্রসার, মানবিক সহায়তা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

উল্লেখ্য, বাউসা বহুমুখী সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় নেত্রকোণার আটপাড়া উপজেলার বাউসা বাজারের সুখারী এলাকায় অবস্থিত। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সর্বশেষ