সর্বশেষ

আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের কড়া নজরদারি

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ১০ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
news image

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামী ১৩ নভেম্বর ঢাকায় ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ লক্ষ্যে থানার পক্ষ থেকে একটি বিশেষ ‘হোন্ডা মোবাইল টিম’ গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

আজ (১০ নভেম্বর, সোমবার) সন্ধ্যা ৬টার দিকে ওসি মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে ২০টি মোটরসাইকেল নিয়ে গঠিত হোন্ডা মোবাইল টিম উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন ঢাকায় যাত্রা করতে না পারে, সেজন্য উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হবে। কর্মসূচিকে ঘিরে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এছাড়া আগামী কয়েক দিন ঈশ্বরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে কেউ যেন ঢাকায় যেতে না পারে এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে জন্য বিশেষ হোন্ডা মোবাইল টিম গঠন করা হয়েছে। যেখানেই নাশকতা বা অপতৎপরতার চেষ্টা হবে, সেখানেই পুলিশ সাঁড়াশি অভিযান চালাবে। আইনশৃঙ্খলা রক্ষায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

সর্বশেষ