শিক্ষা

আটপাড়ায় মেধাবীদের মিলনমেলা, বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৫৫০ শিক্ষার্থী

রানা খান | নেত্রকোনা ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
news image

নেত্রকোনার আটপাড়া উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে মাধ্যমিক বৃত্তি পরীক্ষা। আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সফলভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় আটপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।

পরীক্ষা উপলক্ষে আটপাড়া ডিগ্রি কলেজ চত্বর পরিণত হয় এক আনন্দঘন শিক্ষাঙ্গনে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে শিক্ষার প্রতি আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনী।


পরীক্ষার হল পরিদর্শন করেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম। এ সময় তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা আটপাড়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।”

তিনি আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা ও আন্তরিক সমর্থন পেলে তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করবেন। পাশাপাশি আগামী দিনে আরও বৃহৎ পরিসরে শিক্ষা মেলা, কুইজ প্রতিযোগিতা, মেধা যাচাই পরীক্ষা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমানা বৃত্তি পরীক্ষার সার্বিক আয়োজনে সহযোগিতা করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এটি একটি কার্যকর ও প্রশংসনীয় পদক্ষেপ।”

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিতভাবে এমন বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বহুগুণে বৃদ্ধি পাবে। তাদের মতে, দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের উদ্যোগ নেওয়া হলে জাতীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব।

এছাড়াও স্থানীয় বিভিন্ন সচেতন মহল ও শিক্ষানুরাগীরা আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ