সারাদেশ
নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান আটপাড়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কর্মকাণ্ডের মানোন্নয়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, সৈয়দ মাকসুদুল হকসহ আর সাংবাদিক বিন্দু।
বক্তারা উপজেলার উন্নয়ন, জনসেবার মান বাড়ানো, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নির্বাচনী পরিবেশ সুস্থ রাখায় সকলের সহযোগিতা কামনা করেন। উন্নয়ন ও নির্বাচনী দায়িত্ব পালনে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সকলে আগামী জাতীয় নির্বাচন এবং উপজেলার চলমান উন্নয়ন অগ্রযাত্রা সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ