সারাদেশ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাটিকে হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এর প্রেক্ষিতে রোববার (৫ এপ্রিল) সকাল থেকে উপজেলায় শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
সকাল ৯টা থেকে উপজেলার তিনটি নির্ধারিত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আটপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত টিকা মজুদ রাখা হয়েছে এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো শিশু টিকাদানের বাইরে না থাকে। একই সঙ্গে অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবকের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে আটপাড়ায় হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সর্বশেষ