সারাদেশ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষ্যে নেত্রকোনার বারহাট্টায় নারী প্রগতি সংঘের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বারহাট্টা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন নারী প্রগতি সংঘ বারহাট্টা শাখার কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক। তিনি তার বক্তব্যে স্থানীয় সমাজে নারীদের প্রতি চলমান নির্যাতন, নিপীড়ন, সহিংসতা ও সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরেন। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে কর্মসূচি জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সুরজিৎ ভৌমিক বলেন, “নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। প্রতিটি নির্যাতিত নারী যেন আইনি সহায়তা, ন্যায়বিচার এবং নিরাপত্তা পেতে পারে—সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নারী প্রগতি সংঘের চলমান কার্যক্রম, ভুক্তভোগীদের পুনর্বাসন, আইনি সহায়তা প্রদান ও জনসচেতনতামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে নারী প্রগতি সংঘের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ